দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯২ জন।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ নিয়ে দেশে করোনায় মোট ১০১ জনের মৃত্যু ও ২ হাজার ৯৪৮ জন আক্রান্ত হলেন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে মোট ৮৫ জন করোনা রোগী সুস্থ হলেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার সকালে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৪ লাখ ছয় হাজার ৯০০ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ২৪ হাজার ৮৪০ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ২১৮ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ছয় লাখ ১৭ হাজার চারজন সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ৬৫ হাজার ৫৬ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।





