রাঙ্গামাটির বরকল উপজেলায় ৩৬ ঘন্টার সড়ক ও নৌ পথ অবরোধ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট কারচুপির প্রতিবাদে ও পুনঃনির্বাচনের দাবিতে সোমবার (১৩) সকাল ৬টা থেকে এ অবরোধ করে তারা।

এলাকাবাসী জানান, অবরোধের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীন রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

নৌ পথেও সকল নৌ যান বন্ধ রয়েছে। শহরের চলাচলের একমাত্র মাধ্যম অটোরিকশা সেটাও বন্ধ রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে অবরোধ সমর্থনকারীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনের ফলাফল বাতিল করে ওই কেন্দ্রে অবিলম্বে পূনঃনির্বাচন ঘোষণা করা না হলে অবরোধ কর্মসূচি আরও জোরদার করা হবে।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশীদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুন বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল করে জালভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ আনে জন সংহতি সমিতি। এর প্রতিবাদে ৩৬ ঘন্টার অধরোধের ডাক দেয় তারা।

এসএম