গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়কের মহানগরের জিরানীবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহিন নামে এক শ্রমিক আহত হওয়ার জেরে বিক্ষুদ্ধ সহকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে।
মঙ্গলবার সকালে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম শাহিন (৩০)। তিনি স্থানীয় হামিম গ্রুপের সোয়েটার কারখানার শ্রমিক। তার বাড়ি পাবনায়।
জয়দেপুর থানার চক্রবর্তী ফাঁড়ির এএসআই মোশরেফুল ইসলাম জানান, পাবনাগামী আরিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সকাল পৌনে ৮টার দিকে উল্টোপথে (রং সাইড) যাবার সময় জিরানীবাজার এলাকায় কারখানাগামী শাহিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে সহকর্মীরা বাসটি আটক করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে বাসের মালামল ও সিট পুড়ে যায়।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আজমল হোসেন জানান, গুরুতর আহতাবস্থায় শাহিনকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
ইআর





