বিএনপি হরতাল-অবরোধ করে সরকারের উন্নয়নের গতি থামাতে পারেনি' "দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্যেও সব ধরনের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যে সরকার কাজ করছে।" বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করা বর্তমান সরকারের দায়িত্ব। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সকলকে যেকোনো কাজে রাজধানীতে আসতে হবে না। প্রত্যেক জেলাকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। প্রত্যেক জেলায় মানুষের সব রকম চাহিদা যেন পূরণ হয় সেইভাবে আমরা গড়ে তুলতে চাই।"
শেখ হাসিনা বলেন, "বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক তৈরি করে দিয়েছে, যার ফলে মানুষ ঘরে বসে চিকিৎসা পাচ্ছে। তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে দেশের মানুষ ঘরে বসে কাজ করছে।"
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।
এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেআই





