মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলা পরিষদ ভবন চত্বরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও মুক্তিযোদ্ধারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন দিক প্রদিক্ষণ করে পুনরায় অনুষ্ঠান স্থলে এসে প্রতিবাদ বিক্ষোভ করেন।

এসময় শফিকুল আলম বলেন, শহরের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুড়িয়ে দিয়েছে, তারাই প্রকৃত রাজাকার। প্রশাসনের কাছে দাবি, এ হামলা সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেবো।

একাধিক মুক্তিযোদ্ধারা বলেন, এ অনুষ্ঠানে যারা হামলা চালিয়েছে তারা কখনও স্বাধীনতার পক্ষে না, তারা এ দেশের চক্রান্তকারী। প্রশাসনের কাছে দাবি, দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে তাদের মুখোশ উন্মোচন করা হোক।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলম হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএস