গুলশান-শোলাকিয়ায় হামলার অস্ত্রের যোগান ভারত হয়ে বাংলাদেশে এসেছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, এ হামলার ঘটনায় অর্থের যোগান হুন্ডির মাধ্যমে বাংলাদেশে এসেছে।
আজ (সোমবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, নব্য জেএমবির কমান্ডিং পর্যায়ের ৪ জনকে চিহ্নিত করা হয়েছে, তবে তাদের মধ্যে দু’জন পালিয়ে ভারতে চলে গেছে।
মনিরুল ইসলাম বলেন, ‘ভারতে নব্য জেএমবির পালিয়ে যাওয়া দুই নেতা হলো খোকন এবং খালিদ। এছাড়া মারজান এবং রাজীব গান্ধী, ওরফে সুভাষ গান্ধী ওরফে গান্ধী দেশেই রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘গুলশান এবং শোলাকিয়া হামলায় জেএমবি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। এসব হামলায় হুন্ডির মাধ্যমে ১৪ লাখ টাকা এবং ভারতে থেকে অস্ত্র এসেছে।
অর্থ যে পাঠিয়েছে তার পরিচয় আমরা পেয়েছি, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। হামলায় ব্যবহৃত অস্ত্রের গায়ে প্রস্তুতকারী দেশের নাম না থাকায়, তা কোন দেশের অস্ত্র বলা যাচ্ছে না। অবশ্য নিশ্চিত হওয়া গেছে যে, এসব অস্ত্র ভারত হয়েই এসেছে।’
এসএম





