করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। ৬৯ বছর বয়সী মুনতাসীর মামুন রোববার (৩ মে) সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে রাত একটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানান, অধ্যাপক মুনতাসীর মামুন আশঙ্কামুক্ত নন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।
অধ্যাপক মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ মে) সর্বশেষ টেস্টের চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে বলেও জানান তিনি।
অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ রয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সম্পৃক্ত এই অধ্যাপক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন। সাম্প্রদায়িকতা-মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার অধ্যাপক মুনতাসীর মামুন সক্রিয় রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতেও। বর্তমানে কমিটিতে সহ-সভাপতির পদে আছেন তিনি।
এএস





