গাইবান্ধার সাদুল্যাপুরে এক পুলিশ কর্মকর্তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ করছে বখাটেরা। শনিবার সকালে ওই মেয়েটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ বিকালে উপজেলা সদরের পার্শ্ববর্তী কামারপাড়া ও কলোণী মোড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করলেও মূল হোতা রিপন চন্দ্র সরকারকে এখনও আটক করতে পারেনি।

অপহৃতা সাদুল্যাপুর বহুমুখি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও সাদুল্যাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পুলক চন্দ্র সরকারের মেয়ে।

পুলিশ জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে অপহৃতা প্রাইভেট পড়ার জন্য শহরের হাসপাতাল সংলগ্ন সাহাপাড়ার ভাড়া বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন অপহরণকারী রিপনের বাবা-মাসহ পাঁচজনকে আজ বিকেলে আটক করা হয়।

এ বিষয়ে অপহৃতার বাবা এএসআই পুলক চন্দ্র সরকার জানান, তিনি জানতে পেরেছেন যে শহরতলীর জামালপুর ইউনিয়নের কামাপাড়া গ্রামের যোগেশ চন্দ্র সরকার জুগুর বখাটে ছেলে রিপন চন্দ্র তার সহযোগিদের নিয়ে ডিগ্রী কলেজ রোড থেকে জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এর আগেও বখাটে যুবক রিপন স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে তার মেয়েকে উত্যক্ত করতো। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া অপহৃতাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আটককৃতরা হলেন- অপহরণকারী রিপনের বাবা যোগেশ চন্দ্র জুগু , তার মা অঞ্জলী রাণী ও বোন এ্যামি রাণী এবং সহযোগী পার্শ্ববর্তী বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামের মধু মিয়ার ছেলে কাফি মিয়া , খোদ্দর পাঠানোছা গ্রামের মৃত একরামুলের ছেলে আলমগীর হোসেনকে বিকালে আটক করা হয়েছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই