শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর রাজধানী ঢাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রবৃষ্টি। এ সময় আকাশজুড়ে দেখা যায় ঘন মেঘের আনাগোনা, শোনা যায় বজ্রপাতের বিকট শব্দ, সঙ্গে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন।

এদিকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শনিবার (২১ মার্চ)। তবে ঈদের দিনও দেশের আট বিভাগের কোথাও না কোথাও বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এছাড়া, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএইচ