ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে যানজটপ্রবণ এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, এবার ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে যানজটপ্রবণ এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। এছাড়া যানজট নিরসনে ১৬টি পয়েন্টে পুলিশের পাশাপাশি এক হাজারের মতো স্বেচ্ছাসেবক থাকবে।

সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াতে দেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না। বিগত সব সময়ের চেয়ে এবার ঈদের প্রস্তুতি ভাল।

তিনি বলেন, জয়দেবপুর-এলেঙ্গা ফোর লেন নির্মাণের কাজের জন্যও যাতে যানজট না হয়, সেজন্যে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে। আগের যে কোন সময়ের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জয়দেবপুর থেকে উত্তরা পর্যন্ত ৬টি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হবে। টঙ্গী ব্রীজ হবে ১০ লেনবিশিষ্ট। টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত চার কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।

এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ ঢাকা বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফ