শেরপুরের নালিতাবাড়ীর রানীগাঁওয়ে আনন্দ ভ্রমণগামী ভটভটি উল্টে স্কুলের ১৩ ছাত্র আহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নালিতাবাড়ী উপজেলার রাণীগাওঁয়ে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নকলা উপজেলার ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্র নিজেদের উদ্যোগে শুক্রবার সকালে ভটভটিযোগে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে পিকনিকে যাচ্ছিল। পথিমধ্যে নালিতাবাড়ীর রানীগাঁও এলাকায় পৌঁছলে পেছন একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি উল্টে গেলে ১৩ ছাত্র আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফ জানান, গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন আ. রশিদের ছেলে শফিক (১৪), আমির হোসেনের ছেলে সোহেল (১৪), মিজানের ছেলে মণ্ডল (২০) ও আব্দুল হাইয়ের ছেলে মাসুদ (১৫)।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. শর্মিষ্ঠা চৌধুরী জানান, চারজনকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কেএইচ