কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে ভর্তি বাণিজ্য করতে গিয়ে অধ্যক্ষ খুরশেদ উদ্দিন ঠাকুরকে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে ছাত্রলীগ নেতারা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, সোমবার সরকারি গুরুদয়াল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলাকালে কলেজ ছাত্রলীগ নেতা হেভেনের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তি কার্যক্রম বন্ধ করে অধ্যক্ষের কক্ষে ঢুকে তালিকা বহির্ভূত ছাত্র ভর্তির চাপ দেয়। অধ্যক্ষ বিধি বহির্ভূতভাবে ছাত্র ভর্তি সম্ভব নয় জানালে ছাত্রলীগ নেতাকর্মীরা অধ্যক্ষের টেবিলে কাটা রাইফেল রেখে তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা অধ্যক্ষের কক্ষের জিনিসপত্র তছনছ করে চলে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে অধ্যক্ষকে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকির কথা অস্বীকার করে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহফুজ আহম্মেদ জানান, কলেজ অধ্যক্ষ আমাদের ১৫-২০ শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেবেন বলে দু’দিন আগে কথা দেন। কিন্তু সে কথা আর রাখতে চাচ্ছেন না। এখন শিক্ষার্থীদের কী বুঝ দেব, এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে এর বেশি কিছু হয়নি।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই