বেতন বৃদ্ধি ও তিন মাসের বকেয়া ওভার টাইমের টাকাসহ ফ্যাক্টরী ইনচার্জ ও প্রশাসনিক ক্রয় কর্মকর্তাকে অপসারণ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে একটি পেপার মিলের শ্রমিকরা।

সাভারের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পাল পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে শনিবার সকাল থেকেই শ্রীরামপুর বাজার মাঠে জড়ো হয়ে আন্দোলন শুরু করে।

জানা যায়, ধামরাইয়ের শ্রীরামপুর পেপার এন্ড বোর্ড মিলসের শ্রমিকরা গত ১৫ ফেব্রুায়ারি তাদের বেতন বৃদ্ধি ও বকেয়া ওভার টাইমের টাকাসহ কয়েকটি দাবি তুলে ধরে ১০৭ শ্রমিক গণস্বাক্ষর দিয়ে ফ্যাক্টরী ইনচার্জ বরাবর একটি লিখিত আবেদন করেন।

এতে ক্ষীপ্ত হয়ে ফ্যাক্টরী কর্তৃপক্ষ উল্টো পুলিশ দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখায়। যার কারণে আজ শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে শ্রীরাম বাজার মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা জানান, ফ্যাক্টরী কর্তৃপক্ষ এখন শুধু বেতন-বকেয়া ওভার টাইমের টাকা দিলেই আমরা কাজে যোগদান করব না। সেই সঙ্গে তারা ওই ফ্যাক্টরীর ইনচার্জ মো. ওমর ফারুক, প্রশাসন ক্রয় কর্মকর্তা আশরাফ হোসেনকেও অপসারণ করতে হবে এবং কোন শ্রমিককেই ছাঁটাই বা বদলি করা যাবে না বলেও তারা জানান।

এ ব্যাপারে ফ্যাক্টরীর প্রশাসনিক ক্রয় কর্মকর্তা আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য না দিয়ে ওই দুই অভিযুক্ত অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এআর