আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে-৩ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ওপর হামলা হয়েছে।

এ সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক নেতাকর্মী। অপুকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

আজ সোমবার সকালে গোসাইরহাট উপজেলার হেলিপ্যাডের কাছে বিএনপির মিছিলে এই হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

আশঙ্কাজনক অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হচ্ছে। নেতাকর্মীদেরকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

মিয়া নুরুদ্দিন অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ছিলেন। স্থানীয় একজন বিএনপি নেতা বলেছেন, তার মনোনয়নে এলাকায় বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। তিনি শরিয়তপুরে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন।

এ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সাংসদ নাহিম রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা মরহুম আবদুর রাজ্জাকের ছেলে। বাবার মৃত্যুর পর সে আসনে তিনি প্রথমে উপ-নির্বাচন ও পরে ২০১৪ সালের বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

এএস