সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে ইছমা বেগম (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

প্রেমঘটিত কারণে তরুণীর আত্মহত্যা বলে পারিবারিক সূত্র দাবি করেছে। এ ঘটনায় প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে তরুণীর পরিবার।

নিহত ইছমা বেগম পৌরসভার শ্রীধরা গ্রামের ময়না মিয়ার মেয়ে। সে বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ত।

জানা গেছে, ইছমার সহপাঠী পৌরসভার কসবা কোণা পাড়ার মঈন উদ্দিনের ছেলে জিবান হোসেন (২০) ভোরে ইছমার সঙ্গে দেখা করতে শ্রীধরায় আসে।

পরিবারের লোকজন এরপর ইছমাকে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে ইছমা সবার সামনে বাড়ির পুকুরে ঝাঁপ দেয়। ইছমাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওযা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইছমার ভাই জুবের আহমদ বলেন, জিবান ভোরে ইছমার ঘরে ঢুকে। টের পেয়ে বাড়ির লোকজন ইছমার কক্ষে গেলে জিবান বেরিয়ে যায়। লজ্জায় ইছমা পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তরুণীর ভাই থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ