রোববার (১৯ অক্টোবর) রাতে জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

তিনি লেখেন, শেখ তানভীর বারী হামিম ছাত্র সংগঠনের বাহিরে গণ-অভ্যুত্থানের একজন সংগঠক। তার একটি সুন্দর রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে বলেই মানুষ বিশ্বাস করে। আজ জবি ছাত্রদলের নেতা জুবায়েরকে নারীঘটিত কারণে গলা কেটে হত্যা করা হয়। এরপর নিজের ফেসবুক পেজে ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে হামিম প্রথমে লেখেন ‘জুবায়েরকে রগ কেটে হত্যা করা হয়’, পরে তা সংশোধন করে লেখেন ‘গলা কেটে হত্যা করা হয়’।

ইসরাফিল ফরাজি আরও বলেন, বাম লীগসহ অনেকে ইসলামপন্থি ছাত্রসংগঠন শিবিরকে ‘রগকাটা সংগঠন’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। চব্বিশের পর বিভিন্ন ছাত্র সংগঠন একই বয়ান তৈরি করতে চেয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে। যার ফলাফল ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস জয়।

তিনি লেখেন, প্রতিটি ছাত্র সংগঠনের মধ্যেই ভালো ও খারাপ দিক থাকে। যখন কোনো ছাত্রদলের নেতাকর্মী অপকর্মে লিপ্ত হয়, তখন বলা হয় ব্যক্তির দায় দল নেবে না। শিবিরও একই বিবৃতি দেয়। কিন্তু দেখা যায়, অন্য সংগঠনের কেউ অপরাধ করলে দায় ব্যক্তির, আর শিবিরের কেউ করলে দায় চাপানো হয় সংগঠনের ওপর। এটি অনেক সময় মিডিয়া সেলের কৌশল হিসেবেও ব্যবহার করা হয়।

হামিম সম্পর্কে ইসরাফিল ফরাজি বলেন, হামিম যথেষ্ট রাজনৈতিকভাবে সচেতন। ছাত্রদলকে বলবো, তাকে পরিচর্যা করুন। যদি পুরোনো রাজনৈতিক নিয়মে পরিচালনা করতে চান, তাহলে ছাত্র সংগঠন হিসেবে সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

এনএইচ