রাজশাহীতে গত ৩১ জানুয়ারি ৬ ছাত্রকে আটকের পর আদালতে না তোলায় তাদের পরিবার ও স্বজনেরা উদ্বেগ প্রকাশ করেছেন।
আটকরা হলেন, শাহাদ মোহাম্মদ নুরুল্লাহ, মো: রোকনুদ্দিন, আসাদুল্লাহ আসাদ, মো: জামাল উদ্দিন, জুলকার নাইন ও একে মোস্তাফিজুর রহমান।
সোমবার বিবৃতিতে তারা বলেন, আমাদের ৬ সন্তান শাহাদ মোহাম্মদ নুরুল্লাহ, মো: রোকনুদ্দিন, আসাদুল্লাহ আসাদ, মো: জামাল উদ্দিনকে রাত ১টায় ভাটাপাড়া মেস থেকে ও জুলকার নাইন এবং এ কে মোস্তাফিজুর রহমানকে সকাল ১১টায় মেস থেকে পুলিশ আটক করলেও নিয়ম থাকার পরও আজ আদালতে না তোলা হয়নি।
এতে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের জীবন নিয়ে শঙ্কাবোধ করছি। আমাদের জানা মতে, আমাদের এই ছয় সন্তান কোন ধরণের রাজনীতি বা কোন প্রকার অপরাধের সাথে জড়িত নয়।
এর পরও আমাদের সন্তানেরা যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা। কিন্তু পুলিশ বেআইনিভাবেই এখনো তাদের আদালতে হাজির করেনি। এ অবস্থায় আমরা সুবিচারের জন্য সরকার, পুলিশ ও সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
আশা করছি, এই ৬ ছাত্র পুলিশের কাছে নিরাপদে আছে এবং অন্যায়ভাবে তাদের কোন নির্যাতন করা হবে না। আমাদের বিশ্বাস, সুবিচার হলে আমাদের নির্দোষ সন্তানেরা নিরপরাধ প্রমাণিত হবে এবং মুক্ত হয়ে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে’।
গ্রেফতারকৃতদের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন রোকনুদ্দিনের পিতা-মিজানুর রহমান মুখলেস।
এআর





