করোনাভাইরাস বিস্তার রোধে পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, করেনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।
এসব নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দেশে করোনাভাইরাসে বুধবার (১৫ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৩৪১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। প্রাণহানি আরও ১০ জনের।
এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ হাজার ৫৭২। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০ জন। মোট প্রাণহানি হলো ৬০ জনের।
গত ২৪ ঘন্টায় মোট ২ হাজার ১৩৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে পরীক্ষা করা হয়েছে ২০১৯টি।
গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।





