ঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় কেয়াম উদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

আজ (২২ নভেম্বর) রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিসিক ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবিতা সরকার (৩০) ধামরাইয়ের গড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী৷

পুলিশ জানায়, সকালে কালামপুর বিসিক ব্রিজের পশ্চিম পাশে পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের একটি বাস ও ঢাকাগামী ডি-লিংক পরিবহনের একটি দ্রুতগতির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সৌদিয়া বাসটি রাস্তার পাশে পড়ে গেলে এর যাত্রী কবিতা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন কেয়াম উদ্দিন নামে আরেক যাত্রী।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বাস দু’টি জব্দ করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এমবি