যশোরের কেশবপুরে বাবা সাহেব আলী বিশ্বাসের (৫৮) আত্মহত্যার কিছু সময় পর ছেলে ইমামুল বিশ্বাসও (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে ঘণ্টা দেড়েকের ব্যবধানে বাবা ও ছেলে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে।

কেশবপুর মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, ইমামুলের ছোটখাটো চুরির স্বভাব ছিলো। এনিয়ে প্রায় বাবা ছেলের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার সকালেও এনিয়ে তাদের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইমামুল তার বাবাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এতে অভিমান করে সাহেব আলী ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে ছেলে তার বাবার আত্মহত্যার ঘটনা জানতে পেরে ফের বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়ির পাশের বাগানে একটি গাছে তিনিও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তিনি জানান।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, কি কারণে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল, তা স্পষ্ট হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

এমবি