গাইবান্ধায় বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প ও দলিলসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস।

এর আগে তাদের গাইবান্ধার সদর উপজেলার তুলশীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রতারকরা হলেন- শ্রী শৈলেন চন্দ্র রায় ওরফে নাদু (৫৫) সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামের সুরেন চন্দ্র রায় এবং খালেকুজ্জামান (৫০)। সে সদর উপজেলার ইসলামপুর গ্রামের জয়নাল আবেদীন মন্ডলের ছেলে।

র‌্যাব-১৩ জানায়, গাইবান্ধা ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার তুলশীঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে ১২ লাখ টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও দলিল উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইলসহ নগদ ২৯ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১৩।

রুবেল/এমএম