সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। সেজন্যই সড়ক পরিবহন আইন করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রকল্প দিচ্ছে বিশ্বব্যাংকও। শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আজ শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উড়ালসড়ক নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটাই আমাদের চ্যালেঞ্জ। সড়ক পরিবহন আইনটাও সে জন্যই করা হয়েছে। বিশ্বব্যাংকও একটি প্রকল্প দিচ্ছে। এখন আমরা আটঘাট বেঁধেই নেমেছি। অবকাঠামোগত সমস্যাও কোথাও নেই। উন্নয়ন যথেষ্ট হয়েছে।’

এসময় ওবায়দুল কাদেরঅনুপ্রবেশকারীদের প্রসঙ্গ টেনে বলেন, ‘অনুপ্রবেশকারী, বিতর্কিত বা অপকর্মকারী লোকজন আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে যেন না আসতে পারে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। সে তালিকায় দেড় হাজারের মতো নাম রয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামছুন্নাহার, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এম বিল্লাহ