মাগুরা জেলার সদর থানার মাঘীরঢাল এলাকায় চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইয়াদুল মোল্লা (১৮)। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শরীরে ৯০ শতাংশ বার্ন নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন ইয়াদুল।
ইয়াদুল মোল্লার বাবার নাম মৃত জহুর মোল্লা, গ্রামের নাম গ্রাম মালিক, সদর মাগুরা।
গত ২১ মার্চের ওই ঘটনায় ৯ জন দগ্ধ হন। ইয়াদুলসহ এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো।
এর আগে মতিন বিশ্বাস, শাকির মোল্লা ও রওশন বিশ্বাস নামে তিনজনের মৃত্যু হয় বলে জানান ইয়াদুলের আত্মীয় শাহাদাত।
এএইচ





