রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের মনোযোগী হতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
তিনি বলেন, আল্লাহ তাআলা তাঁদের দেশের জন্য ও মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করতে হবে।
দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে যখন যে দায়িত্বে রয়েছেন, তাঁকে সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে। দায়িত্বে থাকার সময়টুকু মানুষের উপকারে ব্যয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সভা শেষে কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যার হাতে যত দিন কাজ করার সুযোগ রয়েছে, সেই সময়টুকু যেন দেশ ও মানুষের কল্যাণে সঠিকভাবে কাজে লাগানো হয়, সে চেষ্টা সবার থাকা উচিত।
সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তাঁরা যেসব বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, তা সরকারের পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হতে পারে।
মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ভবিষ্যতে আবারও আলোচনা করার কথা জানান প্রধানমন্ত্রী। পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস
















