ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৬ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩০ হাজার ৮৪৪ জন যাত্রী, সৌদি এয়ারলাইন্স ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩২ হাজার ১৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ৬৫০টি সেবা প্রদান করেছে।
বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা গেছেন।
সবশেষ ১৬ মে রাজধানীর তেজগাঁও এলাকার এন এম মনিরুল হক (৪৪) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।
এস