প্রান্তিক জনগোষ্ঠী যেন থেমে না থাকে তাদের বংশপরস্পর পেশাতে। ছোট ব্যবসা করেও সমাজে সচ্ছল ভাবে টিকে থাকার লক্ষ্য নিয়ে তাদের ব্যবসার পুঁজি গঠনে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার মাগুরা সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড, সাইফুজ্জামান শিখর। মাগুরা সমাজসেবা অধিদপ্তরের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ আর্থিক অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে ১৮২ জনকে ১৮ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। মাগুরা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাগুরা সদর উপজেলার কামার, কুমার, নাপিত, ঋষি ও মুচি সম্প্রদায়ের ১৮২ জন এ আর্থিক সুবিধা পেয়েছেন। যাদেরকে এর আগে তিন দিনের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রশিক্ষণ প্রাপ্তদের এ আর্থিক অনুদান দেয়া হয়েছে যেন তারা পুঁজি গঠন করে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাড় করাতে পারেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জাহিদুল আলম।
প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের এ কার্যক্রমে ভবিষ্যতে আরও বেশি মানুষ সুবিধা পাবে।
সাইফুল্লাহ/এএস





