মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মারা যাওয়া দুই যুবক হলেন শ্রীপুর উপজেলার মকর্দ্দমখোলা গ্রামের আলমগীর লস্কর ও মালদা গ্রামের বিধান বিশ্বাস।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির থেকে মদপান করেন আলমগীর ও বিধান। এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাঁদের বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে অবস্থানকালে দুজনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
পরে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাঁদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে দুজনের মৃত্যু হয়।
আলমগীর লস্করের বাবা আজম লস্কর জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা তাঁকে বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিধান বিশ্বাসের চাচি সুপ্রিয়া সাহা জানান, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস
















