রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান দেয়াকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মৌচাক মোড়ে অস্থায়ী মঞ্চের সামনে ছুড়াছুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ অনুষ্ঠান স্থলে আসার পরপরই বিশৃঙ্খলা দেখা দেয়। শাহে আলম মুরাদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সমর্থকদের মাঝে স্লোগানের প্রতিযোগিতা ও দাঁড়ানোর জায়গা নিয়ে এ হট্টগোল শুরু হয়।
মঞ্চ থেকে সাঈদ খোকন ও শাহে আলম মুরাদ নিজ নিজ কর্মীদের হাত ইশারায় চুপ থাকাতে বললেও কোনো পক্ষের কর্মীরা স্লোগান বন্ধ না করে বরং আরও উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন ও ধাক্কাধাক্কি করেন। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখ্য, দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মগবাজার-মৌচাক উড়ালসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীবাসী দীর্ঘদিনের ভোগান্তির পর এ উড়ালসেতু উদ্বোধন উপলক্ষে মৌচাক মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





