সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন ব্যবস্থার প্রধান বাধা হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন।বর্তমান নির্বাচন কমিশন সমগ্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আজ মঙ্গলবার সকাল ১১.৩০ টায় রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটিতে সুজন-এর উদ্যোগে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেছেন তিনি।
বর্তমান এ নির্বাচন কমিশন অতীতের আজিজ কমিশনকেও হার মানিয়েছে বলে দাবি করেন তিনি। আজিজ কমিশনতো শুধু এক কোটি ভূয়া ভোটার বানিয়েছিল কিন্তু এ কমিশন পুরো নির্বাচন ব্যবস্থারকই ধ্বংস করে দিয়েছে।
দলীয় মনোনয়নের কারণে ইউপি নির্বাচনে এতো বেশি সংঘর্ষ হচ্ছে বলে মনে করেন সুজন সম্পাদক।
এছাড়া ক্ষমতা থাকার পরও কেন ইসি ক্ষমতা ব্যবহার না করে সমস্ত ইউপি নির্বাচনের নিয়ন্ত্রণ হারিয়েছে এ জন্য তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন একদিনের বিষয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা মনে করি যে, নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের ধারণা স্পষ্ট নয়। তারা আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে।’ কমিশনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাঁধা বলে মন্তব্য করেন তিনি।
‘প্রথম ধাপের মত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতা রোধে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এমনকি গণমাধ্যমে মনোনয়নপত্র জমাদান-সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের সংবাদ প্রকাশিত হলেও কমিশন যথাযথ পদক্ষেপ নেয়নি’ বলে অভিযোগ করেছেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জাতীয় কমিটির সদস্য জনাব মুহাম্মদ জাহাঙ্গীর এবং সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।
এমআইএস।





