প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শেখ বলেছেন, আগামী সপ্তাহে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা সহজ করতে সম্মত হয়েছে ভারত। সোমবার দুপুরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। হাদির হত্যাকারীদের দেশে আনার বিষয়ে তিনি বলেন, তাদের দেশে আনার প্রক্রিয়া চলছে।
সফরে ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। আমরা একটি ভালো শুরু চাই।
শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুযায়ী হবে।
উপদেষ্টা বলেন, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার। পাইপলাইনে জ্বালানি আসায় ভারতকে বাংলাদেশ কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানান হুমায়ুন কবির।
প্রসঙ্গত, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।
এমএম