রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দ‍া পুলিশ (পশ্চিম) বিভাগ।

শুত্রবার (১৭ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুসসালাম থানাধীন বিএডিসি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাদক ব্যবসায়ীরা মো. সাগর আহম্মেদ ওরফে বাহার (৩৭) ও মো জাবেদ হোসেন (৩০)।

মাসুদুর রহমান বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে জানায় তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন। তারা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা হিসেবে বিক্রি করতেন।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এমআর