শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের কাটাখালী ফকিরহাট গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়াগামী লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। তাঁর বক্তব্য, বিএনপি সরকারকে এই রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় কার্যকর হলে বাকি ছয় দফা নিয়ে জনগণকে আর ভোগান্তিতে পড়তে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, সাত দফা দাবি জনগণের দাবি। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। এক, দুই কিংবা তিন দফা—যে কর্মসূচিই ঘোষণা করা হোক, সবাইকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও দেশকে ‘নব্য ফ্যাসিবাদ’ থেকে মুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
লংমার্চের পথে মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ঢাকা থেকে বাগেরহাট পর্যন্ত সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, গুলি ও অস্ত্র ব্যবহার করে এ দেশের মানুষকে দমিয়ে রাখা যায়নি। জনগণ মুক্তির পথ তৈরি করেছে এবং সেই পথ ধরেই আন্দোলন এগিয়ে যাবে।
সাত দফা দাবি নিয়ে বিএনপিকে হুঁশিয়ারি মামুনুল হকের
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অনীহা অব্যাহত থাকলে বিএনপির পরিণতি আগের স্বৈরাচারী সরকারের মতো হতে পারে। বিএনপি একগুঁয়েমি থেকে সরে না এলে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি এক দফায় পরিণত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মামুনুল হক দাবি করেন, সংসদ নির্বাচনে কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাঁর বক্তব্য, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন সংবিধান সংস্কারের পক্ষে একটি ম্যান্ডেট। জুলাই সনদের ভিত্তিতে দেশ গড়তে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি শুরুতেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি মেনে নিলে রাজপথে আন্দোলনের প্রয়োজন হতো না। সংবিধান সংস্কারের মাধ্যমে স্বাধীন সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠন এবং প্রশাসনকে নিরপেক্ষ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সরকারের বিরুদ্ধে প্রশাসনকে দলীয়করণ, জ্বালানি ও কৃষি খাতে সিন্ডিকেটের প্রভাব এবং ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও করেন মামুনুল হক। গভীর সমুদ্রবন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসংক্রান্ত চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের সম্মতি ছাড়া বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো বিদেশি করিডোর দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করা হবে।
বিএনপিকে ‘লাল কার্ড’ দেখানোর দাবি গোলাম পরওয়ারের
জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চের মধ্য দিয়ে জনগণের মধ্যে জাগরণ তৈরি হয়েছে এবং বিএনপিকে ‘লাল কার্ড’ দেখানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রতিশ্রুতি ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য এই জনসমর্থনকে আন্দোলনে কাজে লাগাবে।
এনপিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদও বিএনপির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিএনপি অতীতে নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছে। জনগণ দলটির বিরুদ্ধে অবস্থান নেবে বলেও দাবি করেন তিনি।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, কামাল হোসেন এমপি, হান্নান মাসউদ এমপিসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এস
















