মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ ইয়াদুল মোল্যা (২৫) নামের আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

নিহতের বাবার নাম মৃত জহুর মোল্যা। তার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে। ইয়াদুল ট্রাকের হেলপার ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ইয়াদুলের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে দগ্ধ হয়ে রওশন আলী (৪২), মতিন মিয়া (৩৫) ও শাকিল মিয়া (৩৫) মারা গেছেন। দগ্ধ বাকি পাঁচজন ইলিয়াস হোসেন (৪০), আরব আলী (৩৮), নাজমুল হোসেন (৩৫), ফারুক মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২৫) এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

উল্লেখ্য, ২১ মার্চ রাত ৮টার দিকে বালু নামিয়ে মাগুরায় ফেরার পথে মাগুরা-যশোর মহাসড়কের মঘীরঢাল এলাকায় বালুর ট্রাকে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন ট্রাকের চালকসহ নয় শ্রমিক। এদের আট জনের বাড়ি মাগুরা সদর উপজেলার মালিক গ্রামে। এ ঘটনায় জেলা বিএনপির ৫৬ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

কেএইচ