পাবনায় র্যাবের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ আমিন ওরফে আমিন ডাকাত (৪০) নিহত হয়েছেন। নিহত আমিন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এস্কেন শেখের ছেলে।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় ৩টি হত্যা, ৩টি অস্ত্র আইন ও ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার জানান, রাজাপুরে একটি মাঠে ডাকাত দল ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে রওয়ানা হয়। রাত সাড়ে ৩টার দিকে র্যাবের দলটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে ডাকাতরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় বন্দুকযুদ্ধ। ১৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে আহত একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় যে, সে ডাকাত সর্দার আমিন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএম





