বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট অব্যাহতি দিয়ে স্ট্যাটটোরি রেগুলেটরি অর্ডার (এসআরও) ইস্যু করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।

সোমবার এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশপত্র সূত্রে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন নিশ্চিত করেছেন।

আদেশপত্র বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল ও ইঞ্চিনিয়ারিং কলেজসমূহে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সাধারণভাবে অতিরিক্ত ব্যয় হয়। ওই সকল প্রতিষ্ঠানের প্রদত্ত সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যয় অধিকতর বৃদ্ধি পাবে।

তাই এনবিআর বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল ও ইঞ্চিনিয়ারিং কলেজ কর্তৃক প্রদত্ত সেবাকে ভ্যাট হইতে অব্যাহতি প্রদান করল। প্রতিষ্ঠানটি চেয়ারম্যান ভ্যাট আইন ১৯৯১ এর ধারা ১৪ এর ২ উপধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছে।

যা ২০১৫ সালের ৪ জুন হতে কার্য্কর হয়েছে বলে গণ্য হবে।

এর আগে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান ভ্যাট প্রত্যাহারে বিষয়ে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আর থাকছে না।’

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে তিনি এনবিআরকে নির্দেশ দেয়।

এআই