গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার আত্মহত্যার শোকে ১৩ দিন পর প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের পাশে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সোহাগ মল্লিক উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মলিকের ছেলে সোহাগ মলিক পার্শ্ববর্তী খ্রিস্টান ধর্মাবলম্বী শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এ প্রেমে বাধসাধে পরিবারের লোকজন।

এ ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে (১০ জানুয়ারি) সোমবার রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে ।

এএস