মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনায় মো. সেলিম মিয়া (২৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সেলিম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সমপুর গ্রামের দারদ আলীর ছেলে।

ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নদীতে ভেসে উঠলে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, শনিবার সকাল ৬ টার দিকে উপজেলার পশ্চিমমোক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে শাহ-সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে নোঙর করা একটি ট্রলারে সিমেন্ট বোঝাই করছিল। প্রায় ১ হাজার বস্তা সিমেন্ট বোঝাই করার পর আকস্মিকভাবে ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা দারি করে। এ সময় কয়েকজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মো. সেলিম মিয়া (২৫) নিখোঁজ থাকে। নিখোঁজ হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর বেলা সাড়ে ১১ টার দিকে নদীতে ভেসে উঠলে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে নৌ-পুলিশ ধলেশ্বরী নদীতে স্থানীয় ডুবুরি দিয়ে নদীর তলদেশে তল্লাসি চালায়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে পুলিশ ওই লাশ উদ্ধার করে। নিমজ্জিত ট্রলারটি উদ্ধারে তৎপরতা চলছে।

জেআই