রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন—বাড়ির মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটিয়া ইয়াসমিন (২৭) ও তাঁর মেয়ে রুহী (৩) ও মিস্ত্রি হাসান (৩২)।

দগ্ধ ইয়াকুবের শ্যালক মো. মারুফ জানান, ৬ তলা ভবনের নিচতলার পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মিস্ত্রি হাসানকে আনা হয়। রিজার্ভ ট্যাঙ্কের জায়গাটা অন্ধকার ছিল। তাই হাসান টর্চলাইট দিয়ে দেখার চেষ্টা করছিলেন পানি আছে কি না।

এ সময় বাকিরা পাশেই ছিলেন। স্পষ্ট না দেখতে পেয়ে মোমবাতি নিয়ে আসা হয়। সেটি দিয়াশলাই দিয়ে ধরানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা সবাই দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, দগ্ধ পাঁচজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এঁদের মধ্যে ইয়াকুবের ২৫ শতাংশ, হাসিনের ৯৫, ইয়াসমিনের ৪১, তাঁর মেয়ে রুহীর ৯০ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া একই তথ্য জানিয়েছেন।

এএস