জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ অন্যান্য শাখা নদীতে। ফলে অপরিবর্তিত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি।

বৃহস্পতিবার (০২ জুলাই) বিকাল ৩টার দিকে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: নায়েব আলী জানান, পুরো জেলার ৪২টি ইউনিয়নের ৪ শতাধিক গ্রামের ৩ লাখ ৮ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। বানভাসিদের জন্য ৬০ মেট্রিক টন চাল ও নগদ ৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এসব ত্রাণ পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, ভারতে যদি বন্যা হয় তবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী বন্যা হবে।

এমবি