রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
শহিদুল আলম বর্তমানে গাজামুখী আন্তর্জাতিক মানবাধিকার নৌযান ‘কনশানস’-এ অবস্থান করছেন। এই জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG) উদ্যোগের অংশ হিসেবে যাত্রা করছে, যা ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
ফেসবুক পোস্টে শহিদুল আলম লিখেছেন, শান্ত সমুদ্র আর উজ্জ্বল রোদ। গত রাতটা খোলা ডেকে ঘুমিয়েছি আমি। আজ আমাদের গাজায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু ছোট নৌকাগুলোর কাছাকাছি থাকতে গতি কমানো হয়েছে। ফলে দেরি হবে আরও কিছুটা। তবে বিপদের এলাকা অনেক আগেই শুরু হয় কোথায় বা কখন আমাদের আটকানো হতে পারে, তা বলা কঠিন।
তিনি জানান, কনশানস নৌযানটি বহরের সবচেয়ে বড় জাহাজ। এটি গত ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে রওনা দেয়। এর আগে আটটি নৌযান যাত্রা শুরু করেছিল, যেগুলোর অবস্থান এখন কনশানসের কাছাকাছি। আরও দুটি ছোট নৌকার অবস্থান এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, ইসরায়েল গত দুই বছর ধরে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। একই সময়ে ফিলিস্তিনি সাংবাদিকদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, অনেকেই এখনো আটক বা কারাগারে বন্দী আছেন।
এনএইচ