বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) রোগীদের চিকিৎসা করতে গিয়ে রাজধানীসহ সারাদেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এখন ৫২৩ জন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।
শনিবার (০২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর) এই তথ্য জানায়।
এফডিএসআরের তথ্যমতে ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।
এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয় বলে শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। ফলে ভাইরাসটিতে দেশে মোট মারা গেছেন ১৭৫ জন।
আক্রান্ত হিসেবে ওই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭।
এমবি





