সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।
অভিযানে পাকা, সেমিপাকা ও কাঁচা সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়।
স্থাপনা উচ্ছেদের সাথে সাথে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনার পাকা প্লাটফরম গুড়িয়ে দেওয়া হয়। যাতে এসব জমিতে দখলদাররা সহজেই পুনরায় স্থাপনা নির্মাণ করতে না পারে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ১০ ডিসেম্বর মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তীতে ১১ ডিসেম্বর হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা বিপুল জমি উদ্ধার করে। সোমবার মালিবাগে অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হলো। ঢাকাসহ সারাদেশে অবৈধ দখলে থাকা রেলের সকল জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এইচআর





