বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত ৮ হাজার ৭৯০ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগেই। যার পরিমাণ ৮৩.০৭ ভাগ এবং সর্বনিম্ন আছেন রাজশাহী বিভাগে যার পরিমাণ ১.৫৩ ভাগ।
শনিবার (০২ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ঢাকা বিভাগেই সর্বোচ্চ পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছেন। ০১ মে’র রিপোর্ট অনুযায়ী, শনাক্ত রোগী ৮৩.০৭ ভাগ ঢাকা বিভাগের, ৪.৬ ভাগ চট্টগ্রাম বিভাগের, ১.৫৭ ভাগ সিলেট বিভাগের, ১.৮০ ভাগ রংপুর বিভাগের, ২.২০ ভাগ খুলনা বিভাগের, ৩.৭১ ময়মনসিংহ বিভাগের, ১.৬৯ ভাগ বরিশাল বিভাগের এবং রাজশাহী বিভাগের ১.৫৩ ভাগ।
ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৫৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৯০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এদের তিনজন পুরুষ ও দুজন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
এমবি





