প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক কর্মকর্তা মারা গেছেন।

শনিবার (০৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তি দুদকের প্রধান সহকারী খলিলুর রহমান।

দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি দুপুরের দিকে মারা যান।

এদিকে, এর আগে গত ০৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। তিনি ২২তম বিসিএস ক্যাডার ছিলেন। এর ফলে করোনায় এখন পর্যন্ত দুদকের দুই জন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

 

শনিবার (০৯ মে) বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জন। এছাড়া নতুন করে ৩১৩ জনসহ মোট ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

 

এমবি