খুলনার বিভাগীয় সরকারি গ্রন্থাগার চত্বরে মাসব্যাপী বইমেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক কলেজছাত্রীসহ দুইজন আহত হয়েছেন। শহরের বয়রা এলাকায় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ওসি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— কলেজছাত্রী নিম্মি (১৯) ও তেল ব্যবসায়ী হুমায়ুন কবির (৪০)। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কামরুজ্জামান বলেন, মেলার প্রধান গেট থেকে ১০ মিটার দূরে নালন্দা প্রকাশনীর সামনে দুর্বৃত্তরা একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মেলা প্রাঙ্গণ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান আরও জানান, ধোঁয়া কেটে গেলে মেলায় আগতরা হুমায়ুন নামে একজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। পরে তাকে খালিশপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
তিনি জানান, হুমায়ুন কবির শহরের রায়ের মহলের শাহজাহান আলীর ছেলে এবং তেল ব্যবসায়ী। বোমায় তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ঝলসে গেছে। একই ঘটনায় নিম্মি নামে এক কলেজছাত্রীও আহত হন। এ ঘটনার পর মেলা বন্ধ হয়ে যায়।
এদিকে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, শহরের জেলা পরিষদ, বড়বাজার মোড় ও খানজাহান আলী রোডে রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এএইচ





