গাইবান্ধার সাদুল্যাপুরে হত্যা মামলায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আকরাম হোসেন (৩৫) বলে জানা যায়।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পাকুড়িয়ার বিলের ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আকরাম হোসেন উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের রজ্জব আলীর ছেলে।

সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আকরাম হোসেন উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে ফারুক হত্যা মামলার আসামি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়ে ছিল। গোপন খবর পেয়ে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গত ৩১ জুলাই রাতে ফারুক মিয়াকে (৩৮) হত্যা করে পাকুড়িয়ার বিলে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন দুপুরে পুলিশ ফারুকের লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় ফারুকের স্ত্রী রীনা বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা করেন। 

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ