রাজধানীর মিরপুর থেকে গত ৩১ জানুয়ারী পুলিশ কর্তৃক অন্যায়ভাবে আটকের পর ফরিদ উদ্দিন, রাসেল, যোবায়ের, মনির হোসেনসহ ৯ ছাত্রকে দুই দিন হয়ে গেলেও আদালতে না তোলায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তাদের অভিভাবকেরা।
বিবৃতিতে তারা বলেন, মেধাবী ছাত্র এমদাদুল্লাহকে আটকের পর তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে আমাদের ৯ সন্তানকে কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়। কিন্তু দুদিন হয়ে গেলেও এখনো তাদেরকে আদালতে হাজির করা হয়নি। অথচ তাদের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা।
তাদের আটকের বিষয়টি মিরপুর শাহ আলী থানার ওসি সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছিলেন।
অভিভাবকরা জানান, এ নিয়ে আমরা গভীর শঙ্কার মধ্যে দিন যাপন করছি। ইতিমধ্যেই মেধাবী ছাত্র এমদাদউল্লাহকে রাতের আধারে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে পুলিশ। এতে আমরা আরও উদ্বিগ্ন হয়ে পড়েছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের জীবন নিয়ে শঙ্কাবোধ করছি।
আমাদের জানা মতে, আমাদের এই নয় সন্তান কোন ধরণের রাজনীতি বা কোন প্রকার অপরাধের সাথে জড়িত নয়। এর পরও আমাদের তারা যদি কোন অপরাধ করেও থাকে, তাহলে এর জন্য দেশের আইন মেনেই বিচার হওয়ার কথা। কিন্তু পুলিশ বেআইনিভাবেই আজও তাদের আদালতে হাজির করেনি। এ অবস্থায় আমরা সুবিচারের জন্য সরকার, পুলিশ ও সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।
আশা করছি, এই নয় ছাত্র পুলিশের কাছে নিরাপদে আছে এবং অন্যায়ভাবে তাদের কোন নির্যাতন করা হবে না। আমাদের বিশ্বাস, সুবিচার হলে আমাদের নির্দোষ সন্তানেরা নিরপরাধ প্রমাণিত হবে এবং মুক্ত হয়ে তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবে।
গ্রেপ্তারকৃতদের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন গ্রেপ্তারকৃত মনির হোসেনের পিতা আব্দুর রহিম।
ইআর





