ভারতীয় টাটা কোম্পানী এবং বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপের যৌথ উদ্যোগে তৈরি ‘ন্যানো টুইস্ট’ নামের আধুনিক ডিজাইনের আধুনিক এ প্রাইভেট কারটি আজ বুধবার থেকে বাজারজাত শুরু হচ্ছে। স্বল্প জ্বালানী ব্যয়ে এ গাড়িটি রাস্তায় চালানো সম্ভব বলে জানান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।
আজ বুধবার বিকালে হোটেল রুপসী বাংলার উইন্টার গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ,টাটা গ্রুপের প্রতিনিধি জনি ওমমম্যান এবং বিভিন্ন চেম্বারের ব্যবসায়ি নেতৃবৃন্দ।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, এককালীন এ গাড়ির মূল্য নিরধারণ করা হয়েছে ৭ লাখ ৯৯ হাজার টাকা এবং ২ লাখ ৯৯ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে সাড়ে ১৯ হাজার টাকায় ৪২ কিস্তিতেও বিক্রি করা হবে। তবে আজ উদ্ধোধনী দিনে এ গাড়িটি এককালে ক্রয় করলে বিশেষ ছাড় পাবে। শুধু আজকের জন্য এ গাড়িটির মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।
তিনি বলেন, এ গাড়ির ভেতর জায়গা বেশি এবং আরামদায়ক। নিরাপদে রাস্তায় ভ্রমণকালে ছিনতাইকারীদের হাত থেকে টাকা ও সোনারগয়না রক্ষার জন্য গাড়ির ভিতরে সিন্ধুক বসানো আছে।
আবদুল মাতলুব আহমাদ বলেন, বিলাসবহুল এ গাড়িটি লোকজন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। প্রতি কিলোমিটারে ৪/৫ জন আরোহীর নিয়ে এ ন্যানো টুইস্ট গাড়িটির জ্বালানি ব্যয় হবে মাত্র ১ টাকা ৪২ পয়সা।
ঢাকা, একে, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





