জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে ৫ নৃত্য শিল্পীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক প্রধান বুধবার রাতে এ রায় দেন।

বৃহস্পতিবার দুপুরে তাদের গাইবান্ধা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হীরকপাড়ার মুক্তি, রিতু ও মালা, সাদুল্যাপুর উপাজেলার ধাপেরহাটের মৌসুমী ও টাঙ্গাইল জেলার সখিপুরের আখিঁ বেগম।

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশ নিয়ে বুধবার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের বেকরিরচর এলাকায় অভিযান চালিয়ে নৃত্য শিল্পীদের আটক করেন।

তিনি জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় লোকজনের আয়োজনে গত দুই সপ্তাহ ধরে বেকরিরচরে প্রকাশ্যে নৃত্য শিল্পীরা অশ্লীল নাচ-গান পরিবেশন করে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে নৃত্য শিল্পীদের আটক করে থানায় আনা হয়।

অভিযানকালে গানের মঞ্চ আগুন দিয়ে পোড়ানো হয়। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করে ৫ জনের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ