মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি; এটি ব্যবসায়ীদের সংগঠন থেকে নির্ধারিত হয়েছে।
এর আগের দিন, সোমবার (১৩ অক্টোবর), বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব ধরনের ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সমন্বয় আনা হয়েছে। তারা দাবি করেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৭ টাকা, পাম তেলের লিটারপ্রতি দাম ১৬৩ টাকা, আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।
এই মূল্যবৃদ্ধির ঘোষণার পর সাধারণ ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় যে, সরকার হয়তো নতুন করে দাম বাড়িয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।
তিনি আরও বলেন, “আমরা বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ব্যবসায়ীরা যেন ইচ্ছামতো দাম বাড়াতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এনএইচ